‘জয় বাংলা’ স্লোগান দেওয়া বাগেরহাটের সিভিল সার্জন জালাল উদ্দীন আহমেদকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে বদলির এক দিন পরেই বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। সোমবার (৪ নভেম্বর) তাকে অবসরে পাঠিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ।
গতকাল রবিবার (৩ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব শোভন রাংসা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জালাল উদ্দীন আহমেদকে ওএসডি করে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করা হয়। এক দিন না যেতেই সোমবার স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব এ এম আকমল হোসেন আজাদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে আদেশ জারি করেন।প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘যেহেতু বাগেরহাটের সিভিল সার্জন ডা. জালাল উদ্দীন আহমেদের (স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলির আদেশাধীন) চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং যেহেতু সরকার জনস্বার্থে তাকে সরকারি চাকরি হতে অবসরে পাঠানো প্রয়োজন বলে বিবেচনা করে; সেহেতু সরকারি চাকরি আইন, ২০১৮-এর প্রদত্ত ক্ষমতাবলে তাকে সরকারি চাকরি হতে অবসর দেওয়া হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।’
সিভিল সার্জন জালাল উদ্দীন আহমেদ সরকারি একটি টিকাদান কর্মসূচিতে বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ বলার পর তার বিরুদ্ধে এই ব্যবস্থা নিল সরকার।